বগুড়ায় সাংবাদিকের বাসায় আগুন!

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় হাসিনা সরকারের পতনের পর সাংবাদিকের বাসা ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন সেট, মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে পৌরসভার ১৫নং ওয়ার্ডের পশ্চিম পালশার বাসিন্দা ও জাতীয় ইংরেজি দৈনিক নিউনেশনের বগুড়ার স্টাফ রিপোর্টার এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমানের বাসা ও তার প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। সাংবাদিক ফেরদৌসুর রহমানের অভিযোগ, সরকার পতনের পর সোমবার দিবাগত রাত ৯টায় একই এলাকার আব্দুল মজিদের ছেলে জাতীয় শ্রমিক লীগ নেতা চিহ্নিত সন্ত্রাসী ইসরাফিলের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তার বাসার ৩ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় তারা নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন, টিভি, আইপিএস লুট করে। তারপর ওই সাংবাদিকের ভাইয়ের ফার্নিচারের দোকানে আগুন দিয়ে সবকিছু পুড়ে ফেলে এবং সেখান থেকে নগদ ৫ লাখ টাকা লুট করে।

এ ঘটনার পর সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, বগুড়া প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিক ফেরদৌসুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসা ও ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিরোনাম