বিনোদন রিপোর্টঃ
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব খান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দিনটি অন্যরকম হতো। যেমনটা হয়েছিলো গত ১৫ বছরের এই দিনে (১৫ আগস্ট)। ১৯৭৫ সালের যে দিনে, একদল বিপথগামী সেনাসদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া নেতা শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ (১৫ আগস্ট)।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাড়িটি এখন ধ্বংসস্তূপ। আওয়ামী লীগ শীর্ষরা ছেড়েছেন দেশ। অন্তর্বর্তী সরকার তুলে নিয়েছে ‘জাতির পিতা’ সম্বোধন এবং জাতীয় শোক দিবসের তকমা। এমন পরিস্থিতিতে কালো এই দিনটি ঘিরে আনুষ্ঠানিক কোনও আয়োজন নেই, কারণ সরকারের তরফে বারণ করা আছে। এমন গুমোট পরিবেশে দেশের বেশিরভাগ তারকা যখন নিরাপদে গ্যালারিতে বসে আছেন, তখনই যেন মঞ্চে উঠে চমকে দিলেন দেশের প্রধান নায়ক শাকিব খান।
হুম, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রক্তাক্ত পেইন্টিং শেয়ার করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে। ক্যাপশনে জুড়ে দেন- শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।এই পোস্ট এক ঘণ্টায় ৪০ হাজার কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে ৯ হাজার প্রায়। বেশিরভাগ মন্তব্যই, শাকিব খানের সাহসিকতার প্রশংসায় মাখা।