টাঙ্গাইল প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ও আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন করছি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনও সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।’ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন সোনার বাংলায় সংবাদ সম্মেলনে করে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘রাজধানীর ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোনও দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে।’ অপরদিকে বিকালে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।