বাগেরহাটের ডিসি গোলাম মো. বাতেন ও এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে ফোনে হুমকি

বিশেষ প্রতিনিধি:
ফোনে হুমকি। বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাফতরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করার পর হুমকি দেওয়া হয়। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালিগালাজ করে হুমকি দেওয়ার একটি ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে নিশ্চিত করেছে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র। অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপর প্রান্ত থেকে গালাগাল করে বলা হয়, ‘এই কী করছস, সাদ্দামের লগে কী করছস? তবে পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি।

বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোনে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, ‘কিছু ফোন কল পেয়েছি। কারা এগুলো করছে, তা খতিয়ে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে রবিবার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত হুমকিসহ ফোন কলের বিষয়গুলোতে থানায় কোনও মামলা বা জিডি করার তথ্য পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা।

শিরোনাম