বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত-১
বান্দরবান প্রতিনিধি:
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত-১। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
সোমবার বিকাল ৪টার দিকে বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের অন্তর্গত হলেও রুমা উপজেলা সদরের কাছাকাছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পায়। তার কাছ থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩টি গুলি ও অন্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।