বাবা-মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত সংগীতশিল্পী ফরিদা পারভীন

কুষ্টিয়া প্রতিনিধিঃ
বাবা-মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত সংগীতশিল্পী ফরিদা পারভীন। লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছে অনুযায়ী বাবা-মায়ের কবরে শায়িত করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশবাহী গাড়ি পৌঁছায় কুষ্টিয়া পৌর কবরস্থানে। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় জানাজা শেষে মা-বাবার কবরে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুউজজামানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এর আগে ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংগীতশিল্পী ফরিদা পারভীন (৭১)। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া এই বরেণ্য শিল্পী গানে গানে ৫৫ বছর কাটিয়েছেন। স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

শিরোনাম