বাবা হত্যার মামলা তুলে নিতে ছেলেকে পিটিয়ে জখম করলো বিএনপি নেতা ও তার ভাইয়েরা
বিশেষ প্রতিনিধিঃ
বাবা হত্যার মামলা তুলে নিতে ছেলেকে পিটিয়ে জখম করলো বিএনপি নেতা ও তার ভাইয়েরা।গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চার বছর আগে আলোচিত রিকশাচালক ছকু মিয়া হত্যা মামলার বাদী তার ছেলে মোজাম্মেল হককে (২২) পিটিয়ে জখম করা হয়েছে। মোজাম্মেলের দাবি, মামলা তুলে না নেওয়ায় বিএনপি নেতা রঞ্জু মিয়ার নেতৃত্বে তাকে পিটিয়ে আহত করেছেন আসামিরা। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাদুল্লাপুরের লালবাজার এলাকার একটি স্কুল মাঠে।
গুরুতর আহত মোজাম্মেল বর্তমানে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শনিবার রাতে মোজাম্মেল বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন। মামলায় দামোদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু মিয়াকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি রঞ্জুর পাঁচ ভাইসহ আরও নয় জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন, পূর্ব দামোদরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আঙ্গুর মিয়া (৫৫), রাখু মিয়া (৫০), মঞ্জু মিয়া (৪০), সঞ্জু মিয়া (৩৫), মন্টু মিয়া (৪০), একই গ্রামের আবুল কাশেম (৫৭), শিশির আলিফ (১৮), সিফাত সরকার (২২) ও সাগর মিয়া (২০)। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে মামলা হয়েছে।