বিএনপির দু’পক্ষের হাতাহাতি-মারামারিতে কেআইবির সভা পণ্ড

সংবাদ জমিন রিপোর্ট:
বিএনপির দু’পক্ষের হাতাহাতি-মারামারিতে কেআইবির সভা পণ্ড। বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) দু’পক্ষের হাতাহাতি ও মারধরের ঘটনায় কেআইবির মুলতবি সভা পণ্ড হয়ে গেছে। সভাপতিত্ব করা নিয়ে মতবিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে কেআইবির হলরুম-১-এ এ্যাবের সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব ও যুগ্ম আহ্বায়ক ড. শফিকুল ইসলাম শফিকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় চরম হট্টগোল ও উত্তেজনা বিরাজ করে।

জানা গেছে কেআইবির জরুরি তলবি সভা আহ্বান করেন এ্যাবের সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব। পূর্বনির্ধারিত সময়েই কেআইবির সদস্যরা সভায় উপস্থিত হন। সভার শুরুতেই সভাপতিত্ব করা নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সময় শাহাদত হোসেন বিপ্লব সভায় সভাপতিত্বের জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিলের নাম প্রস্তাব করেন।

অন্যদিকে, ড. শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. এ.এস.এম. গোলাম হাফিজ কেনেডির নাম প্রস্তাব করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় একজন কৃষিবিদ আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে সভা স্থগিত ঘোষণা করা হয়।

শিরোনাম