বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল
কক্সবাজার প্রতিনিধিঃ
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল করা হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা এ মিছিল করেছেন।
মিছিলকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ আসনে আব্দুল্লাহর বিকল্প কোনও প্রার্থী মেনে নেওয়া হবে না। শাহজাহানের মনোনয়ন বাতিল করে আব্দুল্লাহকে প্রার্থী করতে হবে।