বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল চট্টগ্রাম
চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল চট্টগ্রাম।চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাউজান উপজেলার প্রধান দুইটি সড়ক চট্টগ্রাম কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কের ওপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে এবং সড়কের উপর বসে বিক্ষোভ করেন।
এদিকে, মুহাম্মদ আবদুল হাকিমকে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় কয়েকজন মুখোশ পরা যুবক মদুনাঘাট এলাকায় আবদুল হাকিমের ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলি করে পুনরায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বেশ কয়েকটি গুলি প্রাইভেট কারের গ্লাস ছিদ্র হয়ে তার শরীরে লাগে। এ সময় তার সঙ্গে প্রাইভেটকারের ভেতর থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।