বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে সালিশ,বেত্রাঘাত ও জরিমানা

সংবাদ জমিন রিপোর্টঃ
বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে সালিশ,বেত্রাঘাত ও জরিমানা। নোয়াখালীর হাতিয়ায় সালিশের নামে বেত্রাঘাত ও জরিমানার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানিযেছে সংস্থাটি। বুধবার (২৬ নভেম্বর) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সালিশের নামে বেত্রাঘাত ও জরিমানার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক বলছে, কনের বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি বর ও কনের পরিবারকে প্রকাশ্যে মারধর করেন এবং সালিশের নামে প্রত্যেককে ১৫টি করে বেত্রাঘাতের শাস্তি কার্যকর করেন। পাশাপাশি তাদের ওপর ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সেই টাকা দিতে না পারায় বরপক্ষের অটোরিকশা আটকে রাখা হয়; যা সম্পূর্ণভাবে বেআইনি ও অগ্রহণযোগ্য। আসক মনে করে, এ ধরনের শাস্তি আরোপের ক্ষমতা কোনও ব্যক্তি বা স্থানীয় সালিশকার বা কোনও কর্তৃপক্ষের নেই। বাংলাদেশ সংবিধানের ৩১, ৩২ ও ৩৫(৫) অনুচ্ছেদ নাগরিকের আইনের সুরক্ষা, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর দণ্ড থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয়।

শিরোনাম