যশোর প্রতিনিধি:
বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিল যুদ্ধ। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কোন দল বেশি ভালো এ নিয়ে চলছে তুমুল বাগবিতণ্ডা। একে অন্যকে কটাক্ষ করতেও ভুলছেন না। মাঠে বল গড়ানোর আগেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সমর্থনে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোরের বাঘারপাড়া। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে রাস্তাঘাট কাঁপালেন ব্রাজিলের কয়েকশ সমর্থক। নেচে-গেয়ে পুরো শহর জুড়ে শোডাউন করেন সেলেসাও ভক্তরা। জানান দেন নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তার।
সোমবার (৮ জুন) দুপুর গড়ার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। এসব বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে উল্লাস করেন। পরে শতাধিক মোটরসাইকেলের বহর সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।