বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল: সাকিব
স্পোর্টস ডেস্ক:
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তখনকার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই এমনটা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। তবে সাকিব আল হাসান পুরো ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারেরই দায় দেখছেন।
মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তখনকার সরকারের বড় ভুল ছিল।’
সাকিব মনে করেন, এমন একটা ক্রিকেট-পাগল দেশের বৈশ্বিক টুর্নামেন্ট মিস করায় সেটা ভক্ত এবং খেলোয়াড়দের ভীষণভাবে কষ্ট দিয়েছে, ‘আমার মনে হয় এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেট বিবেচনায় এটা বড় মিস। কারণ দেশ হিসেবে আমরা খেলোয়াড়দের বিশ্বকাপে দেখার অপেক্ষায় থাকি।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা ক্রিকেট-পাগল জাতি। আর তেমনই একটি দেশ হিসেবে বিশ্বকাপে অংশ না নেওয়া আমাদের জন্য বড় মিস।’