বেইলি রোডে আগুনে নিহত সেই শিশুটির অবশেষে পরিচয় মিলেছে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গের মেঝেতে পড়ে থাকা সেই শিশুটির পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে মা-বাবার সঙ্গে গিয়েছিল শিশুটি। আগুনে মা-বাবাসহ প্রাণ গেছে শিশুটিরও। মর্গের মেঝেতে বুকের কাছে অজ্ঞাতনামা সাঁটানো অবস্থায় পড়ে থাকার প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাতে শিশুটির নানা তাকে শনাক্ত করে।

শিশুটির নানা মুক্তার আলম হেলালি জানান, তিন বছরের শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৩)। মায়ের নাম মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং বাবা শাহজালাল উদ্দিন (৩৪)।

তিনি আরও জানান, তার জামাতা শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে তিনি কর্মরত ছিলেন। স্ত্রী, সন্তান নিয়ে বাস করতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তিন দিনের ছুটিতে ওদের খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল। মুঠোফোনে দীর্ঘ সময় ওদের খুঁজে না পেয়ে পরে হাসপাতালে যান তিনি। আজ সকালে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বেইলি রোডের ওই ভবনের আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

শিরোনাম