সংবাদ জমিন রিপোর্ট:
ব্যাংক খাতের লুকানো সব সংকট এখন প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের চাপা পড়ে থাকা সব সংকট একে একে সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি, পুঁজির সংকট ও তারল্য সংকট— সব দুর্বলতাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে।’’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আয়োজন করে অর্থনৈতিক অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসূচক’।