খুলনা প্রতিনিধিঃ
ব্যাংক লুটের টাকা দিয়ে ঋণ পরিশোধ করেন ইউনুস। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরির রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনার মূল হোতা ইউনূস শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক লুট করেন এবং ব্যাংক ভবনের চারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ব্যাংক ভবন থেকেই রবিবার (১৭ আগস্ট) ইউনূসকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আরও তথ্য জানা এবং লুট হওয়া টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (১৮ আগস্ট) আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতার ইউনূস উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। তিনি কৃষি ব্যাংক ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। এ ছাড়া একই ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে।