বিশেষ প্রতিনিধিঃ
ব্যানার ছেঁড়া নিয়ে যুবদলের দুই গ্রুপের গোলাগুলি, ছাত্রদল কর্মী নিহত, যুবদলের ৮ কর্মী গ্রেফতার। চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের এক কর্মী নিহতের ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে যুবদলের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মামলার পর তাদের গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মীর নাম মো. সাজ্জাদ। তিনি নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন। এ ঘটনায় গতকাল রাতে বাকলিয়া থানায় মামলা করেন নিহতের বাবা মোহাম্মদ আলম।
নাম উল্লেখ করা আসামিরা হলেন,চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক ও বর্তমানে যুবদলের পদপ্রত্যাশী বোরহান উদ্দিন, পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি নজরুল ইসলাম; বোরহানের সহযোগী মো. মিল্টন, ছোট বাদশা, মো. ইউসুফ, সবুজ ইসলাম, সাইদুল ইসলাম, এমরান হোসেন, মোহাম্মদ দিদার, রিয়াজ করিম, মো. জিহান, তামজিদুল ইসলাম, মো. আরাফাত, বোরহান ওরফে ছোট বোরহান, মো. মোজাহের, এহতেশামুল হক ওরফে ভোলা ও মো. নাঈম উদ্দিন।