ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো ছাত্রদল নেতার লাশ

বিশেষ প্রতিনিধি:
ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো ছাত্রদল নেতার লাশ । পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফসিউল আলম অনিক (২২) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফসিউল আলম অনিক একই এলাকার মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্র জানায়, পড়াশোনার সুবাদে দীর্ঘদিন রাজধানীতে অবস্থান করলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের পাশের এলাকায় রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। রবিবার সন্ধ্যার দিকে দীর্ঘ সময় ধরে তার কক্ষ থেকে কোনও সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম