ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনার
ঢাকা প্রতিনিধি:
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনার। আমাদের জাতীয় জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ বা ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবসে এখানে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়। দিবসটিকে কেন্দ্র করে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, কড়া নিরাপত্তায় শহীদ মিনার প্রাঙ্গণে আঁকা হচ্ছে ৯টি আলপনা; যেখানে সাদা, হলুদ, গোলাপী ও নীল রঙ ব্যবহার করা হয়েছে। সেগুলোর মধ্যে আটটির কাজ শেষ হয়েছে। আরেকটি আজকে রাতের মধ্যে আঁকা হবে। তবে গত বছর সাদা, কালো ও লাল রঙে আলপনা আঁকা হয়েছিল।
এবার ভিন্নতা কেন জানতে চাইলে আলপনা কমিটির আহ্বায়ক কাউসার হাসান টগর গণমাধ্যমকে বলেন, গত বছর আমরা জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের আলপনাগুলো এঁকেছিলাম। এবার যেহেতু বাংলাদেশ একটা স্বাভাবিক ধারায় ফিরেছে, গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করেছে তাই আমরা আমাদের সেই ঐতিহ্যগত যে আলপনা আছে তাতে ফেরত গিয়েছি।