‘ভুয়া’স্লোগান দেযায় সভা ছাড়তে বাধ্য হলেন আসিফ নজরুল
গাইবান্ধা প্রতিনিধি:
‘ভুয়া’স্লোগান দেযায় সভা ছাড়তে বাধ্য হলেন আসিফ নজরুল। গাইবান্ধায় ‘হ্যাঁ ভোট’ কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সভায় প্রধান অতিথির বক্তব্য চলাকালে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন, ‘হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করেছেন। আমরা মন্ত্রণালয়ও দ্রুত বিচারকার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’
এ বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তুললে উত্তরে আসিফ নজরুল বলেন, ‘চার্জশিট যদি গৃহীত না হয়, তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে। আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসহীনতা কেন?’এই উত্তরের পরই শুরু হয় হট্টগোল। মঞ্চের সামনে থাকা আন্দোলনকারীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন ‘উই ওয়ান্ট জাস্টিস!’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘আইন উপদেষ্টা কী করেন, আসিফ নজরুল কী করেন? পরিস্থিতি উত্তপ্ত হলে উপস্থাপক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বক্তব্যের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু স্লোগান অব্যাহত থাকায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মঞ্চ থেকে নেমে আন্দোলনকারীদের থামাতে চেষ্টা করেন। ঘটনার একপর্যায়ে আসিফ নজরুল সভাস্থল ছেড়ে চলে যান।