ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত লাশ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অজ্ঞাত (৩৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুর ২টায় ভৈরব বাজার হলুদপট্টি কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা ও পুলিশ জানায়, ৫ই আগস্টে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিতে হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ফলে দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এরপর থেকে অফিসে কোন কার্যক্রম কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অফিসে আসতে যেতে দেখা যায়নি। এদিকে, দুর্বৃত্তরা কার্যালয়ের অফিসগুলোর দরজা জানালাও খুলে নিয়ে গেছে। বর্তমানে কার্যালয়টি বাথরুম ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয়রা দেখতে পায় একজন অজ্ঞাত যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের টাইলসের উপর পড়ে আছে। তার দেহে কোনো কাপড় ছিল না। পড়নে ছিল একটি কালো প্যান্ট। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, প্রাথমিকভাবে হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।