গোপালগঞ্জ প্রতিনিধি:
ভোটার শূন্য গোপালগঞ্জের বেশিরভাগ কেন্দ্র। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারা দেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। তবে আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জ সম্পূর্ণ ব্যতিক্রম। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি অনেক কম। আবার যে সমস্ত ভোটকেন্দ্র প্রার্থী রয়েছে, সেগুলোতে কর্মীদের সংখ্যা বেশি।
গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সকাল ১০টা পর্যন্ত হয়েছেও তেমন। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। টুঙ্গিপাড়া উপজেলার অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। সদর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট ছিল উল্লেখযোগ্য। গোপালগঞ্জ ১, ২ ও ৩- এ তিনটি আসনের মোট ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল।