ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ
হিলি প্রতিনিধি:
ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ। প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।
সংবাদ সন্মেলনে তিনি অভিযোগ করেন, আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করা হচ্ছে, আমার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবর জিয়ারতের মধ্যে আমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমার কর্মী সমর্থক ও গ্রামবাসীদের নিয়ে সেখানে উপস্থিত হলে স্থানীয় বিএনপির সভাপতি আমার ওপর আক্রমণের চেষ্টা করে। সেসময় আমি গ্রামবাসী ও কর্মী সমর্থকদের সহায়তায় প্রাণে বেঁচে যাই। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন।