ভোলায় উচ্ছেদ অভিযান, পৌরসভার ৩ গাড়িতে আগুন দিলো ব্যবসায়ীরা
বিশেষ প্রতিনিধিঃ
উচ্ছেদ অভিযান, পৌরসভার ৩ গাড়িতে আগুন দিলো ব্যবসায়ীরা। ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়িতে (ট্রাক) আগুন দেওয়া হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পৌরসভার কর্মীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে গাড়িতে মালামাল তুলছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাধা দিলে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী (আনাসার-ভিডিপি) আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘবদ্ধ ওই চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।