অর্থনৈতিক রিপোর্টারঃ
রাজস্ব আদায়ে অর্থবছরের শুরু থেকে ঘাটতির মুখে সরকার। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। গত নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকা। এমন প্রেক্ষাপটে সরকার এখন ঘাটতি মেটাতে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবার ভ্যাট-ট্যাক্স বাড়ানো হলে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।
খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কমেপ্রসার তৈরির প্রতিষ্ঠানের করপোরেট কর বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।