চাঁদপুর প্রতিনিধি:
মবের অভিযোগ এনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ প্যানেল। রবিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একইসঙ্গে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
প্যানেলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ও পরবর্তীতে মব সৃষ্টি করে তাদের প্রার্থীদের লাঞ্ছিত করা হয়েছে। বিশেষ করে সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে মব সৃষ্টি করে টেনেহিঁচড়ে অপদস্থ করা হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। এজন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা।