মবের পিটুনিতে প্রাণ হারানো রূপলালের স্ত্রী-সন্তানকে মামলা তুলে নিতে হত্যার হুমকি

রংপুর প্রতিনিধি:
মবের পিটুনিতে প্রাণ হারানো রূপলালের স্ত্রী-সন্তানকে মামলা তুলে নিতে হত্যার হুমকি। রংপুরের তারাগঞ্জে শ্বশুর-জামাতা রূপলাল ও প্রদীপ লালকে গণপিটুনিতে নিহতের ঘটনায় করা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপলালের স্ত্রী ভারতী রানী সোমবার (২৬ জানুয়ারি) তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভারতী রানী (৩৬) জানান, গত বছরের ৯ আগস্ট তার স্বামী ও জামাতাকে মব সৃষ্টি করে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট তারাগঞ্জ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন তিনি। পুলিশ তথ্যপ্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণ করে এ হত্যার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল পাইকার (৩০) জামিন পাওয়ার পর ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে ভারতী রানী ও তার ছেলে জয়কে দেখতে পেয়ে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ছাড়া আরেক আসামি সোহাগও তাদের হুমকি দিচ্ছেন। ভারতী রানী জানান, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় আসামিরা তাদের গালিগালাজ করার পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দিচ্ছেন। এদিকে থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই প্রদীপ কুমার বর্মণ।

শিরোনাম