মসজিদের খতিবকে হত্যা করলো নিজ সন্তান

ভোলা প্রতিনিধিঃ
মসজিদের খতিবকে হত্যা করলো নিজ সন্তান। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানী (৪৪) হত্যাকাণ্ডের সাত দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে ভোলার পুলিশ বিভাগ। নিহত ব্যক্তি সদর উপজেলা জামে মসজিদের খতিব ছিলেন।

পুলিশের দাবি, হত্যার সঙ্গে নিহতের ছেলেই জড়িত। হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেফতার করে ভোলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ও ডিবির টিম ঘটনাস্থলে যায়। গুরুতর আহত নোমানী হুজুরকে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা করেন।

এসপি জানান, তদন্তের এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে রেদওয়ান হককে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে সে জিজ্ঞাসাবাদে পিতাকে হত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে ভোলা জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে তদন্তাধীন রয়েছে।

শিরোনাম