যশোর প্রতিনিধি:
মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর, আসামি ছিনতাই। মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই। যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই কনস্টেবল আহত হয়েছেন। গ্রেফতারের পর মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল লোক। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীসহ তিন পুলিশ সদস্য বুধবার রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে যান। ওই গ্রামের আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে এলাকার একদল লোক মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ আহত হন। এর মধ্যে শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।