মা’কে অপহরণ করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ
সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লক্ষ্মীপুরের কমলনগরে মাকে অপহরণের মামলায় ছেলে আরিফুল ইসলাম সুমন (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার হাজীরহাট ইউনিয়নের নানাবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা বেগম চিনুর স্বামী এডভোকেট আবুল খায়ের ঢাকার মুগদা থানায় তার বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় সুমন ওয়ারেন্টভুক্ত হয়ে হাজীরহাট গ্রামের কমরেড মোহাম্মদ তোয়াহার বাড়িতে পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, তোয়াহার মেয়ে শাহানা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় অবস্থান করছেন। এ সুযোগে তার আগের মাদকাসক্ত সন্তান আরিফুল ইসলাম সুমন মা’র কাছ থেকে সম্পত্তি লিখে নেয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে সুমন ঢাকার মানিকনগর নিজ বাসায় সম্পত্তির জন্য আটক রেখে তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে শাহানার স্বামী এডভোকেট আবুল খায়ের গত ২৪শে মে মুগদা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ শাহানাকে হাসপাতাল থেকে উদ্ধার করলেও পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের হয়রানি থেকে বাঁচতে সুমন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের নানা কমরেড তোয়াহার বাড়িতে অবস্থান করে। গোপন সংবাদে রোববার রাতে কমলনগর থানা পুলিশ ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

শিরোনাম