মাগুরায় ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার-১৪
মাগুরা প্রতিনিধি:
ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার-১৪। মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায় ১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, শিখা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।