মাদারীপুরে দুই গ্রুপের তিন ঘণ্টার সংঘর্ষ, ২০টি বাড়িঘর ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি:
দুই গ্রুপের তিন ঘণ্টার সংঘর্ষ, ২০টি বাড়িঘর ভাঙচুর। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে শামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম