মানহানিকর প্রচারণার বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ

বিনোদন রিপোর্ট:
মানহানিকর প্রচারণার বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ। ভিত্তিহীন গুজব, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মানহানিকর প্রচারণা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আইনি পথ বেছে নিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিমানবন্দর-সংক্রান্ত এক অনাকাঙ্ক্ষিত খবর ছড়ানোর পরিপ্রেক্ষিতে তার এই পদক্ষেপ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক যে ঘটনা নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সেই বিষয়ে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।’

কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীনের কাছে ১৪টি মদের বোতল পাওয়া গেছে। তখন তার সঙ্গে ছিলেন স্বামী, পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও ‘প্রিয় মালতী’ ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত। এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে নায়িকা পরিষ্কার দাবি করেছেন, ‘উল্লিখিত কোনও ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনও হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি। আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনও ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনও কর্মকর্তা আমাকে কোনও জিজ্ঞাসাবাদও করেননি।’

শিরোনাম