মানিকগঞ্জ প্রতিনিধি:
পাটুরিয়ায় ট্রলারে যুবলীগের নেতাকর্মীদের মিছিল। রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের দিকে আসা একটি ট্রলারে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন এবং এর ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।
পোস্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম।
ভিডিওতে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারগুলো লাগানো হচ্ছে। মুখে মাস্ক পড়ে কয়েকজন যুবককে এ কাজ করতে দেখা যায়।
পোস্টারে ‘১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ ও ‘Bangladesh Rises Again’- এসব লেখা রয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পোস্টার লাগানো ও নৌ মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই।