সংবাদ জমিন রিপোর্ট:
বাউল আবুল সরকারের বিরুদ্ধে মামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আবুল সরকারকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, আবুল সরকার গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলামঞ্চে দেওয়া বক্তব্যে বা গানে ধর্ম অবমাননা করেছেন। পরে অনলাইনে প্রকাশিত ভিডিওতে মহান আল্লাহতায়ালা ও পবিত্র গ্রন্থ কোরআনের সুরা আন-নাস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর মন্তব্য করেন।