মানিকগঞ্জের বেউথার কালীগঙ্গা নদীতে এক যুগ পর নৌকা বাইচ
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বেউথার কালীগঙ্গা নদীতে এক যুগ পর অনুষ্ঠিত হলো নৌকা বাইচ।। মানিকগঞ্জের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে এক যুগ পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বাইচ শুরুর আগেই মানুষের ভিড়ে নদীর দুই পাড় লোকারণ্য হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর এই আয়োজন দেখতে জেলার বাইরের দূর-দূরান্ত থেকেও হাজারো মানুষ ভিড় জমায় কালীগঙ্গা নদীর তীরে। নদীর ওপর দীর্ঘ সেতুটিও দর্শনার্থীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে প্রথম রাউন্ড শুরু হয়। আর চূড়ান্ত বাইচ অনুষ্ঠিত হয় সন্ধ্যায়। প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ হয় পাবনার ছিপা নৌকা শেরে-বাংলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচে অংশ নেয় ৩২টি নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে ছিল ময়ূরপঙ্খী, মাছরাঙা, সোনার তরী, পঙ্খীরাজ, ঝড়ের পাখি, উড়ালপঙ্খীসহ নানা নামের নৌকা।
নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই উদ্যোগ।