মানিকগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেফতার। মানিকগঞ্জে পৃথক দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বিপুল পরিমাণ মালামালসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মাসুদ রানা, সাজেদুল ইসলাম, সাগর প্রামানিক, আক্তার হোসেন, আলামিন, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন ও ছালাম। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।