মানিকগঞ্জে বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি:
বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাজ হোসেন (৪০) নামে এক ম্যানেজারকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহিত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং ওই বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে নদীপাড়ে একটি ড্রেজারে বসে মিরাজ ও তার সহযোগীরা বালু বিক্রির হিসাব-নিকাশ করছিলেন। এ সময় একটি স্পিডবোটে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে আকস্মিক হামলা চালায়। তারা প্রথমে মিরাজকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পরে রামদা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলা শেষে তারা পুনরায় স্পিডবোটে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় জাহাঙ্গীর (৪২) নামে স্থানীয় এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, খবর পেয়ে পুলিশের ১২ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।