মানিকগঞ্জে ভাগিনার হাতে প্রাণ গেলো খালার

মানিকগঞ্জ প্রতিনিধি:
ভাগিনার হাতে প্রাণ গেলো খালার। মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগিনা রিপন মিয়ার বিরুদ্ধে। রোববার(২৪ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর ভাগিনা।

জানা যায়, রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম