মানিকগঞ্জে মাদকাসক্ত পুত্রকে প্রাইভেটকার কেনার টাকা না দেয়ায়-
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মাদকাসক্ত পুত্রকে প্রাইভেটকার কেনার টাকা না দেয়ায় গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেছে। আর ঐ পুত্রকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে আহত হয়েছে ঐ মাদকাসক্তের বাবা,মা ও ভাই।
জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার সামসুল বিশ্বাসের পুত্র জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে প্রাইভেটকার কেনার জন্য টাকা দাবি করেন। তবে বাবা টাকা দিতে রাজি হননি। টাকা না দেয়ায় মাদকাসক্ত জনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন।
তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।