মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে হুমকি

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। হুমকির খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই সাংবাদিক থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরীতে প্রকাশ, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১৯ মিনিটে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত দৈনিক আমার নিউজ কার্যালয়ে অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি বিদেশি নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে পরিচয় না দিয়ে সংবাদ প্রকাশ ও নিউজের ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলেন এবং নানা ধরনের হুমকি প্রদান করেন।

এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি করার পাশাপাশি মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখালেখি করে মানহানি করার হুমকি দেন। সাংবাদিক আকরাম হোসেন বাংলাভিশন ও দৈনিক আমার দেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার নিউজ-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ সম্পাদক পরিষদ, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও জেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।

শিরোনাম