মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার জানাজায় মানুষের ঢল
কক্সবাজার প্রতিনিধি:
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার জানাজায় মানুষের ঢল। যে মাঠে এক সময় খেলাধুলায় মেতে উঠতো তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু হুজাইফা সুলতানা আফনান, সেই মাঠের পাশের কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হতে হলো তাকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত হয় শিশুটি। রবিবার তার নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় হুজাইফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উখিয়া-টেকনাফ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।