মিরপুরে পুলিশের ওপর হামলা,আহত-৭, আটক-৫

সংবাদ জমিন রিপোর্ট:
পুলিশের ওপর হামলা,আহত-৭, আটক-৫। রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ মে) দুপুরে পল্লবী থানার সেকশন-৯ ব্লকের পশ্চিমে বাউনিয়া মৌজায় এ ঘটনা ঘটে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। বস্তিবাসীর জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে বাউনিয়া মৌজার অধিগ্রহণ করা সরকারি জমি ও সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পল্লবী থানা পুলিশ সহায়তা দেয়।

তিনি বলেন, বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলে যান। এর কিছুক্ষণ পরই পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা কিছু ব্যক্তি উচ্ছেদকাজে নিয়োজিত পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা নিরাপদ স্থানে সরে যান। এ সময় হামলাকারীরা পুলিশের জন্য রিকুইজিশন করা চারটি বাসের সামনের ও পাশের কাচ ভাঙচুর করে বলেও জানান তিনি।

ডিসি নাসিরুদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে পুলিশ সদস্যরা কৌশলগত অবস্থান নেন। হামলায় ইটের আঘাতে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার অভিযোগে পাঁচজনকে আটক করে। পুলিশের সহায়তায় পরে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয় এবং বিকাল পর্যন্ত অভিযান চলে।

শিরোনাম