মির্জাগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিক সিয়াম রহমান হিমেলের ওপর হামলার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার রাতে ঘটনাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মো. জনি মুন্সিকে, পরে সৌরভ মুন্সি ও পরাগ মুন্সিকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাংবাদিক হিমেল ৭ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হিমেলকে দেখে হামলা করে গ্রেপ্তারকৃতসহ ৭/৮ জন। এতে হিমেলসহ পাঁচ জন গুরুতর আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।