নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিপণের টাকা না পেয়ে চাচাতো ভাই সালমান (৪) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ৪৮ ঘণ্টা পর থানা পুলিশ ঘাতকের ঘরের বাক্সের ভেতর থেকে শিশু সালমানের লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক ও তার পিতা-মাতাকে আটক করে। আটককৃতরা হলো- ফয়সাল, পিতা আনোয়ার ও মাতা ফাহিমা। ঘটনাটি ঘটে পাবনার আতাইকুলা থানার আলোকচর গ্রামে।
জানা যায়, গত ১৫ই জানুয়ারি আতাইকুলা থানার আলোকচর গ্রামের আবুল হাসান মাস্টারের সাড়ে চার বছর বয়সের ছেলে সালমান বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিকটতম আত্মীয়সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি আতাইকুলা থানায় জানান। নিহত সালমানের চাচার মোবাইল ফোনে তাকে উদ্ধারের জন্য মুক্তিপণ হিসেবে ১০ (দশ) লাখ টাকা লাগবে বলে জানায়। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। মোবাইল ফোনের সূত্র ধরে সন্দেহজনক ভাবে ফয়সালের থাকার ঘর তল্লাশি করলে একটি বড় বাক্সের ভেতর থেকে মৃত অবস্থায় সালমানের লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।