মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদরে চিপস-সিগারেট বাকি না দেয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। সদর উপজেলা কাগজীপাড়া এলাকায় গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই মো. রুবেলের (৩৫) বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় তিনি দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিল মো. সোহেলের ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চায়। তিনি বাকি দিবেন না বলে জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম জানান, চিপস বাকি দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের ভাই রুবেল।