কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাতজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা আল্লামা চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- দেশ টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, বার্তা ২৪’র কুমিল্লা প্রতিনিধি মইন নাসের খান রাফি, দৈনিক নিউজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, আমার বার্তা রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভি’র কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এসএ টিভি’র ক্যামেরাম্যান মো. বাপ্পি।
এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনার পর থেকেই সাংবাদিক মহলসহ সচেতন নাগরিক সমাজ তীব্র নিন্দা প্রকাশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। হামলাকারীদের ছবি ও ভিডিও আমাদের হাতে এসেছে। অভিযোগ পেলে দোষীদের আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।