মেহেরপুর প্রতিনিধি:
রোগী বহনকারী গাড়িতে ডাকাতি, আহত-৫। অটোরিকশাযোগে রোগী নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে ডাকাত দলের কবলে পড়েছে একটি পরিবার। এ সময় ডাকাত দলের হামলায় ওই পরিবারের শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি এলাকায় বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আব্দুর রশিদ (৩০), তার স্ত্রী সোহানি জামান (২৭), তাদের তিন বছরের শিশু আয়ান, স্বজন উবসন (৪০) ও অটোরিকশাচালক রাজা মিয়া (৩৭)। আহতদের মধ্যে দুজন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’