মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ, নিহত-১

সংবাদ জমিন রিপোর্ট:
দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ, নিহত-১ । রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপের’ মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, “রায়ের বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলেক্স ইমনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।”

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়।

শিরোনাম