মোহাম্মদপুরে বাসিন্দদের দিন কাটে কিশোর গ্যাং ও চাঁদাবাজির আতঙ্কে
সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
বাসিন্দদের দিন কাটে কিশোর গ্যাং ও চাঁদাবাজির আতঙ্কে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা এখন সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। বছরের পর বছর ধরে ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এখানকার জনজীবন অতিষ্ঠ। সম্প্রতি আদাবরে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা এবং থানা ঘেরাওয়ের ঘটনায় এলাকার নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং পুলিশের নির্লিপ্ততাই এই অপরাধ প্রবণতা বাড়ার প্রধান কারণ।
মোহাম্মদপুরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, সবখানেই ওঁত পেতে থাকে ছিনতাইকারীরা। বিশেষ করে রিকশাযাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবীরা এদের প্রধান টার্গেট। কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটির সময়ে মোবাইল, ব্যাগ ও ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এমনকি রাইড শেয়ারিং চালকরাও এখন নিরাপত্তার অভাবে মোহাম্মদপুর এলাকায় যেতে অনীহা প্রকাশ করছেন। পুলিশের তথ্যমতে, সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে ছিনতাইয়ের হার সবচেয়ে বেশি।